আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকা ধনা সারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার ধনা সার এলাকা পার হয়ে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায়।


শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকর জানান, বাসটি ৩৬ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে রওনা হয়েছিল। তবে পথিমধ্যে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদের এই বাসে তুলে নেওয়ায় এটি মারাত্মকভাবে ওভারলোডেড বা অতিরিক্ত বোঝাই হয়ে পড়ে।


পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ায় দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়। বেলুচিস্তানের ঝোব এবং কেপির উদ্ধারকারী দল যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঝোবের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও আইনি প্রক্রিয়া শেষে একই হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির মিডিয়া ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শাহিদ রিন্দ জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দুই প্রদেশের জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।


এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পৃথক শোকবার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন।


সূত্র: ডন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন