আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২২ অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে নিরাপত্তা বাহিনীর একটি চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ মে) সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ মে উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক জঙ্গি হামলার পর এই সর্বাত্মক অভিযান শুরু করা হয়।


নিহত জঙ্গিরা ভারত-পৃষ্ঠপোষিত ফিতনা-আল-খাওয়ারেজ-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছে পাকিস্তানি সামরিক বাহিনী। উল্লেখ্য, পাকিস্তানের কয়েকটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে দেশটির সরকারি নথিপত্রে এই পরিভাষাটি ব্যবহার করা হয়। তবে পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে প্রতিবেশী ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য অতীতে সবসময়ই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেওয়ার এই অভিযোগ অস্বীকার করে এসেছে নয়াদিল্লি।


সেনাবাহিনী জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই জঙ্গিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একটি স্যানিটাইজেশন (তল্লাশি ও ঝুঁকিমুক্তকরণ) অভিযান চালানো হচ্ছে।


প্রসঙ্গত, গত এক সপ্তাহে পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জঙ্গিদের সঙ্গে পৃথক সংঘর্ষে দেশটির প্রায় দুই ডজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, প্রতিবেশী আফগানিস্তান তাদের মাটিতে টিটিপিসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুলের অন্তর্বর্তী সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন