পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অন্তত এক নারী নিহত এবং ১৭ শিশুসহ ৯৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) উদ্ধারকারী কর্মকর্তারা এই মর্মান্তিক ঘটনার তথ্য জানিয়েছেন। ইদি ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জন নারী, ১৭ জন শিশু এবং ৫৯ জন পুরুষ রয়েছেন। উদ্ধারকর্মীদের মতে, শহরজুড়ে উদযাপনের নামে চলা এই নির্বিচার গুলির আঘাতেই ওই নারীর মৃত্যু হয়।
আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন, সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জন এবং আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। লিয়ারি, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, গুলশান-ই-ইকবাল এবং ডিফেন্সসহ শহরের বিভিন্ন এলাকা থেকে এসব হতাহতের খবর পাওয়া গেছে।
সূত্র: জিও নিউজ
ডিবিসি/এসভিএন