আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১১ জন নিহত হয়েছেন।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে এ দুুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

 

উদ্ধারকারী সূত্রে জানা গেছে, পাঞ্জাব থেকে করাচিগামী ওই বাসটিতে থাকা ৯ জন যাত্রী ছাড়াও চালক ও কন্ডাক্টর ঘটনাস্থলেই প্রাণ হারান। স্বেচ্ছাসেবী সংগঠন ইধি ফাউন্ডেশনের কর্মীরা নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে পাঠিয়েছেন এবং বর্তমানে সেখানে অন্তত ১০ জন আহত যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার পর সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের এসএসপিকে দ্রুত উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন এবং আহতদের হাসপাতালে নিতে সড়কপথ সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) করাচি-হায়দরাবাদ এম-৯ মোটরওয়ের কাঠোরের কাছে ঘটে যাওয়া আরেক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। একটি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। 

 

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং সংঘর্ষের তীব্রতায় বেশ কয়েকজন যাত্রী সেতু থেকে নিচে ছিটকে পড়েন। পুলিশি তদন্তে জানা গেছে, দুর্ঘটনার শিকার কোচটি সেই সময় সড়কের উল্টো পাশ (রং সাইড) দিয়ে চলছিল। 

 

এ ঘটনায় গাদাপ থানায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর অভিযোগে রাষ্ট্রের পক্ষ থেকে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রেইলারকে এবং পরে উল্টো দিক থেকে আসা বাস ও অন্যান্য যানবাহনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্যাংকারচালকসহ অন্য যানবাহনের যাত্রীরা প্রাণ হারান।

 

তথ্যসূত্র: জিও নিউজ

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন