আন্তর্জাতিক

পাকিস্তান-শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান-শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং একটি নিষিদ্ধ প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে মঙ্গলবার অন্তত নয়জন নিহত হয়েছেন। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক নির্বাচনের আগে একটি বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার প্রতিবাদে গোষ্ঠীটির পূর্বনির্ধারিত একটি মিছিলের ঠিক একদিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মূলত পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী শরণার্থীদের জন্য আঞ্চলিক পরিষদে ১২টি সংরক্ষিত আসন বরাদ্দের বিরোধকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত হয়। বিক্ষোভকারীদের দাবি, এই সংরক্ষিত আসনের ব্যবস্থা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে ব্যাপকভাবে দুর্বল করে দিচ্ছে।

 

পুঞ্চের বিভাগীয় কমিশনার ওয়াহিদ খান জানিয়েছেন, পুঞ্চ সেক্টরে বিক্ষোভকারীরা একটি নিরাপত্তা কনভয়ের পথ আটকে দেয় এবং কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা পাল্টা জবাব দেন। কর্মকর্তাদের তথ্যমতে, তারারখাল এলাকায় সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে, রাওয়ালকোটে পৃথক একটি সংঘর্ষে আরও একজন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

 

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গত জুন মাসে নিষিদ্ধ ঘোষিত 'জয়েন্ট অ্যাকশন কমিটি' (জেএএসি) বুধবার রাওয়ালকোটে এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। 

 

বিভাগীয় কমিশনার জানিয়েছেন, মিছিলকারীদের শহরে প্রবেশে বাধা দিতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। স্থানীয় সূত্রগুলোর হিসাব অনুযায়ী, নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে গত জুন মাস থেকে শুরু হওয়া এই অস্থিরতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন