আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনীর ৭২ ঘণ্টা অভিযানে ৪৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত ৭২ ঘণ্টায় একাধিক অভিযানে ৪৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের মাসতুং, সিবি, কোয়েটা ও কালাত জেলায় জঙ্গিদের আস্তানায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে।
 

পাকিস্তানের সামরিক বাহিনী নিহতদের ‘খাওয়ারিজ’ বলে উল্লেখ করেছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বোঝাতে এই শব্দ ব্যবহার করে। এসব গোষ্ঠীর মধ্যে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) রয়েছে।
 

সামরিক বাহিনী জানিয়েছে, এলাকায় আরও কোনো জঙ্গি অবস্থান করছে কি না, তা নিশ্চিত হতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। একই বিবৃতিতে নিহতদের ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
 

পাকিস্তানের আয়তনে সবচেয়ে বড় হলেও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের মুখে রয়েছে। নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি এই বিদ্রোহের অন্যতম প্রধান সংগঠন এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
 

এর এক দিন আগে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে উত্তর-পশ্চিম পাকিস্তানে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ জঙ্গি নিহত হয়।
 

সূত্র: এপি
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন