পাবনায় অস্বাভাবিকভাবে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। মাত্র দুই দিনে বেওয়ারিশ কুকুরের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন আক্রান্তরা, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।
গত ২৮ জুন শহরের লস্করপুর এলাকায় ৭ মাসের শিশু রায়হানকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হলে একদল বেওয়ারিশ কুকুর মাসুরা খাতুনের ওপর হামলা চালায়। এ সময় কুকুরের দল মাসুরার কোলে থাকা শিশু রায়হানের মুখসহ শরীরের বিভিন্ন অংশে কামড়ে ক্ষতবিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। একইভাবে কুকুরের আক্রমণে সাত বছর বয়সী আরেক শিশু আরাফাত শেখের দৃষ্টিশক্তি হারানোর উপক্রম হয়েছে।
বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে পাবনা পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, ভ্যাকসিনের সংকট থাকায় আক্রান্তরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম ভ্যাকসিন সংকটের কথা অস্বীকার করে জানান, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, এ বিষয়ে পাবনা পৌরসভার কোনো দায়িত্বশীল কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ ও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাবনাবাসী।
ডিবিসি/আরএসএল