বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, দগ্ধ-০৭

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা জুন ২০২৬ ১০:৫৭:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিহত রিয়ার জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত এই হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হওয়ার পরপরই উত্তেজিত জনতা খুনের ঘটনায় অভিযুক্ত নাঈমের বাড়িতে চড়াও হয়।

 

একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে বেশ কয়েকজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিক উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

আহতরা হলেন, সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাব্বির, সাফু, রনি, মনির, মজিবর, মুন্নি এবং নলদহ গ্রামের শাকিল ও সাব্বির। পাবনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. কলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা অবস্থা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোায়েন করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন