পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামের এক ছাত্রদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সোহাগ পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখে কালো কাপড় বাঁধা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথার একটি অংশ ধারালো অস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।
ডিবিসি/কেএলডি