চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার রেশ ধরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস এলাকায় এই সংঘাতের সৃষ্টি হয়, যাতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন এলাকায় অন্তত দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদীর রেলগেট এলাকায় অবস্থান নেন। সেখানে তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/টিবিএ