পাবনার সাঁথিয়ায় পানির ট্যাংকের পর এবার বসতবাড়ির ড্রয়িংরুমে অবৈধ ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এই অভিনব কারসাজির প্রমাণ পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে স্থানীয় জামায়াত নেতা আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জামায়াত নেতা আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়, সাধারণ ড্রয়িংরুমের ভেতর মিটার ও নজেল সেট করে গড়ে তোলা হয়েছে একটি পূর্ণাঙ্গ মিনি পেট্রোল পাম্প। সেখানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করা ছিল।
অভিযান চলাকালে বাড়ির মালিক আলাউদ্দিন ভোক্তা অধিকারের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের হুমকি প্রদান করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে তার বাড়িতে অবৈধভাবে পাম্প স্থাপন করে চড়া মূল্যে ডিজেল বিক্রি করে আসছিলেন।
তিনি বলেন, "অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ৩ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, এর আগে পাবনায় পানির ট্যাংকে তেল মজুদের ঘটনা ঘটলেও ড্রয়িংরুমের ভেতর পাম্প স্থাপনের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ডিবিসি/এসএফএল