পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজ স্ত্রীকে শিক্ষা দিতে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার কালিকাপুর দেওয়ানপাড়া গ্রামের আহম্মদ হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক নাঈম হোসেন এই ঘটনা ঘটিয়েছেন। দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের পর গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন।
জানা যায়, নাঈম হোসেনের সাথে তার প্রথম স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রী তার কথামতো চলেন না, মূলত এই অভিযোগ তুলে স্ত্রীকে 'শাস্তি' বা শিক্ষা দেওয়ার জন্যই তিনি পাশের গ্রামের এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে নাঈম নিজেই এই কথা স্বীকার করেছেন এবং বর্তমানে তারা নতুন সংসার করছেন বলে জানান। তবে তিনি এও জানিয়েছেন যে, কিছুদিন পর তিনি পুনরায় তার প্রথম স্ত্রীর কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
দুই সন্তানকে রেখে এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তার এমন পদক্ষেপ নেওয়া মোটেও উচিত হয়নি এবং তার দ্রুত প্রথম সংসারে ফিরে আসা উচিত।
অন্যদিকে, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। কারও পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/পিআরএএন