জেলার সংবাদ

পাবনায় বিএনপির দু'পক্ষের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রোববার দিবাগত রাতে দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা নিয়ে রাতভর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

 

এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হতে শুরু করলে রাজা গ্রুপের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুর শুরু করলে ঘটনাস্থলেই গৃহবধূ চায়না খাতুন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। 

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন