পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে বিষক্রিয়ায় অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুরের দিকে বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে যাওয়ার পর ছড়িয়ে পড়া গন্ধে এই ঘটনা ঘটে। অসুস্থদের অধিকাংশাই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান, ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে গেলে প্রথমে দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তাদের দেখে আতঙ্ক এবং বিষের তীব্র গন্ধে একে একে প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন। বর্তমানে হাসপাতালটিতে অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ