পাবনার ঈশ্বরদী পদ্মা নদীতে ভ্রমণের সময় মদ্যপান অবস্থায় নৌকা থেকে ছিটকে পড়ে এ যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেলে রিফাত হাসান রক্তিম (২৪) নামে এ যুবক নিখোঁজ হয়। নিখোঁজ রক্তিম পাবনা সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বেশ কয়েকজন যুবক নদী ভ্রমণে বের হন। ভ্রমণকালীন হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে ১ জন পানিতে পড়ে যায় তাকে উদ্ধারে ৩ জন নদীতে নামলেও ততক্ষণে রক্তিম নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
নৌকার মাঝি জানান, তারা আমার কাছ থেকে নৌকা ভাড়া করেছিলো ঘণ্টা হিসেবে। তাদের নিয়ে নদীতে ঘুরার সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। তখন আমি নৌকা নদীর তীরে নিয়ে আসছিলাম এসময় একজন নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, তারা বিভিন্ন খাবার নিয়ে নৌকায় ওঠে। পানি জাতীয় খাবারও ছিলো। হয়তো মদ হতে পারে। তারা সবাই নৌকার সামনে বসে খাচ্ছিলো।
খবর পেয়ে ঈশ্বরদী নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেন। তবে তীব্র স্রোতের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল রওনা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ যুবককে উদ্ধারে জোরালো ও বিশেষ অভিযান শুরু করা হবে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় এবং নিখোঁজের পরিবারে চরম শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এসএফএল