বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় শিক্ষার্থীকে শাসনের জেরে শিক্ষিকাকে গলায় ওড়না পেঁচিয়ে মারধর, আহত ৩

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে ধমক দিয়ে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে একটি কিন্ডারগার্টেনে হামলার অভিযোগ উঠেছে। হামলায় সহকারী শিক্ষিকা বর্ষা আক্তার সাথী (২৫) গুরুতর আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষের মা ও বোনও আহত হয়েছেন বলে জানা গেছে।


গত বৃহস্পতিবার (২৫ জুন) পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুড়লিয়া গ্রামে অবস্থিত ‘সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে’ এই হামলার ঘটনা ঘটে।


বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়মিত বিদ্যালয়ে না আসা ও পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণে বৃহস্পতিবার সকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধমক দিয়ে শাসন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিম রেজা। এতে ওই শিক্ষার্থী অপমানবোধ করে বাড়ি চলে যায়। পরবর্তীতে বেলা আনুমানিক ১১টার দিকে শিক্ষার্থীর মামা মো. উজ্জ্বল মাল (৫৫) ও তার পরিবারের সদস্যসহ ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।


তারা বিদ্যালয়ে ঢুকেই অধ্যক্ষ সেলিম রেজাকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে বিদ্যালয়ের পাশেই থাকা তার মা ও বোনকে হুমকি দেন এবং মারধর করেন। এ সময় সহকারী শিক্ষিকা বর্ষা আক্তার সাথী এগিয়ে এলে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে টেনেহিঁচড়ে বিদ্যালয় থেকে রাস্তায় নিয়ে যায় এবং মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিম রেজা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই উজ্জ্বল মাল বিভিন্নভাবে আমাদের বিরক্ত করে আসছিলেন। কোনো না কোনো বিষয় নিয়ে তিনি প্রায়ই বিদ্যালয়ের ওপর চড়াও হতেন। এবার তার ভাগনি নিয়মিত বিদ্যালয়ে না আসায় আমি তাকে শাসন করি এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে বলি। কিন্তু বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে তারা বিদ্যালয়ে আকস্মিক হামলা চালিয়ে শিক্ষকসহ কয়েকজনকে আহত করেছে। ঘটনার সময় আমি বিদ্যালয়ে না থাকায় রক্ষা পেয়েছি, তবে এই ঘটনার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


অধ্যক্ষ আরও জানান, হামলায় আহত শিক্ষিকা বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন। এতে উজ্জ্বল মালসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।


এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, শিক্ষার্থীকে শাসন করার জের ধরেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জ্বল মালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন