ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কম্প্রেসর মেশিনের পাইপ দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর সূর্য (১৫) হত্যার ঘটনায় দীর্ঘ ৯ বছর ধরে পলাতক থাকা আসামি ফিলিমনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৯ মার্চ) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফিলিমন শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া এলাকার সুদর্শনের ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৭ সালের ২৪ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এলাকার ‘ইয়ার প্লাস্টিক’ নামক কারখানায় এ হত্যার ঘটনা ঘটে। ওই দিন বিকেলে কারখানায় কাজ চলাকালীন ফিলিমন ও তার সহযোগী এলিশন মিলে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসর মেশিনের পাইপ দিয়ে কিশোর সূর্যের পায়ুপথে সজোরে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সূর্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মর্মান্তিক মৃত্যু হয়।
এ অমানবিক ঘটনার পরপরই নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই ফিলিমন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়।
দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর অবশেষে র্যাবের অভিযানে ধরা পড়ে এই আসামি। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ফিলিমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এএমটি