আন্তর্জাতিক

পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের সাথে চুক্তির আশা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। টানা পাল্টাপাল্টি হামলা ও প্রাণহানির মতো সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তি এখনও সম্ভব।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চুক্তির বিষয়ে এই আশাবাদ ব্যক্ত করেন।

 

তবে চুক্তির কথা বললেও ইরানে টানা তৃতীয় দিনের মতো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইরানের কিশ, কেশম ও জাম দ্বীপের পাশাপাশি বুশেহর এবং বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ওমিদিয়েহ শহরে মার্কিন হামলায় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন এবং তাঁর ছেলে মোজতবা খামেনিও নব্বই শতাংশ নিঃশেষ হয়ে গেছেন।

 

 এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য নতুন করে আরও ৬০ দিনের সময়সীমা পাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের এসব হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও মিত্রদের ওপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলের ট্যাংকারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

 

সোমবারের এই হামলায় এক ভারতীয় নাবিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই ঘটনার জেরে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপমিশন প্রধানকে তলব করেছে ভারত সরকার। এ ছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরেও হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

 

সামরিক এই পদক্ষেপের পাশাপাশি ইরানের ওপর নতুন করে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের কাছ থেকে ২০ শতাংশ টোল আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনাকে 'জলদস্যুতা' আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে ব্রাজিল।

 

হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের এই অব্যাহত পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধাবস্থার কারণে বিদ্যমান সমঝোতা স্মারকগুলো এখন চরম ঝুঁকিতে পড়েছে।

 

সূত্র: স্কাই নিউজ অস্ট্রেলিয়া

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন