বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

পিউডিপাই নিয়ে এলেন সম্পূর্ণ ফ্রি এআই প্ল্যাটফর্ম ‘ওডিসিয়াস’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২৬ ০৭:২২:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবস্ক্রিপশন ফি ও তথ্য চুরির ভয় থেকে মুক্তি দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাজারে বড়সড় ধাক্কা দিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার পিউডিপাই (PewDiePie)। চ্যাটজিপিটি ও ক্লডের মতো প্রথম সারির ক্লাউড-ভিত্তিক এআই প্ল্যাটফর্মগুলোর বিকল্প হিসেবে তিনি উন্মোচন করেছেন সম্পূর্ণ ফ্রি ও স্ব-নির্ভর এআই ওয়ার্কস্পেস ‘ওডিসিয়াস’।

গত রবিবার (৩১ মে) নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে "MY trillion $Dollar Project is finally OUT!" শিরোনামের একটি ভিডিওর মাধ্যমে এই নতুন প্ল্যাটফর্মটির ঘোষণা দেন তিনি। এর মূল লক্ষ্য- ব্যবহারকারীর তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা।


ওডিসিয়াসের মূল দর্শন তুলে ধরে লঞ্চিংয়ের সময় পিউডিপাই বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ মাত্র শুরু হলো।


বিগত এক বছর ধরে পিউডিপাই নিজের হার্ডওয়্যারে ওপেন-সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল চালানোর জন্য কাস্টম সিস্টেম তৈরির কাজ করছিলেন এবং সেই অভিজ্ঞতার কথা নিয়মিত দর্শকদের সাথে শেয়ারও করেছেন। তিনি এমন একটি এআই প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন, যা ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভর না করে এবং থার্ড-পার্টি কোম্পানির কাছে ডেটা পাচার না করেই জনপ্রিয় এআই সেবাগুলোর মতো সুবিধা দেবে।


অফিশিয়াল বিবরণ অনুযায়ী, ওডিসিয়াস ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে যোগাযোগের একটি স্ব-নির্ভর ইন্টারফেস। এতে চ্যাটিং, স্বয়ংক্রিয় এজেন্ট, বিভিন্ন টুলস ব্যবহার, মডেল পরিবেশন, ইমেইল ও গবেষণা করা যাবে। এটি সম্পূর্ণ লোকাল-ফার্স্ট ও প্রাইভেসি-ফার্স্ট। এতে কোনো টেলিমেট্রি বা ব্যবহারকারীর আচরণ ট্র্যাকিংয়ের ব্যবস্থা নেই। এখানে থাকবে শুধু ব্যবহারকারী এবং তার নিজস্ব মডেল।


লঞ্চিং ভিডিওতে পিউডিপাই ওডিসিয়াসের বেশ কিছু কার্যকারিতা সরাসরি প্রদর্শন করেন। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা লোকাল মডেল বা এক্সটার্নাল এপিআই যুক্ত করতে পারবেন। এতে বেশ কয়েকটি মডেলের আউটপুট পাশাপাশি রেখে তুলনা করতে পারবেন। কোনো প্রকার থার্ড-পার্টি সার্ভারে ডেটা না পাঠিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত হার্ডওয়্যারের ভেতরেই এটি ফাইল ও ডকুমেন্ট ম্যানেজ করতে সক্ষম।


ওডিসিয়াসের ওয়েবসাইটে পিউডিপাই স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়নি। তিনি লিখেছেন, এখানে কোনো সেলস টিম নেই, ডেমো দেখার অনুরোধ করার ঝামেলা নেই এবং কোনো গোপন ফাঁদ বা ট্রোজান হর্স নেই।


প্রকল্পটি সম্পূর্ণ ওপেন-সোর্স এবং বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ এটি ডাউনলোড করে নিজের মতো করে পরিবর্তন ও হোস্ট করতে পারেন। তথ্য সুরক্ষার এই যুগে ওডিসিয়াস সাধারণ ব্যবহারকারীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: পিউডিপাই


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন