জাতীয়

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, এর মধ্যে যেটি আগে ঘটে, ততদিন তিনি এ পদে বহাল থাকবেন।

 

পিএসসির চেয়ারম্যান পদটি সরকারের একটি সাংবিধানিক পদ। চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া পদটির জন্য নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুবিধাও ভোগ করবেন তিনি।

 

অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (IUB) স্কুল অব ল-এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবরে তিনি চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত ১৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে শিক্ষকতা পেশায় ফেরার ইচ্ছার কথাও জানান মোবাশ্বের মোনেম।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন