বাংলাদেশ

পিকআপ থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় নিহত ১

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকায় বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৩৫) নামে এক পানচাষি নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে পানবোঝাই একটি ট্রাকে করে বেশ কয়েকজন চাষি পান বিক্রির উদ্দেশ্যে নাটোর শহরের দত্তপাড়ায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ট্রাকটি নাটোর শহরের কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছালে সামনের একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করে। এ সময় পানবাহী ট্রাকটিও সজোরে ব্রেক করলে ট্রাকের ওপরে বসে থাকা পাঁচজন পানচাষির মধ্যে দুইজন ছিটকে রাস্তার ওপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তে রংপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাফিজুর রহমানের মৃত্যু হয়।


দুর্ঘটনায় আরও একজন পানচাষি আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য চাষিকে হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন