আড়াই শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার ৮ বছর আজ।
২০১৪ সালের ৪ আগস্ট পদ্মায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬। এ লঞ্চ দুর্ঘটনায় অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ রয়ে যান আরও ৬৪ জন। পরে বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া মরদেহ শিবচরের পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনা হয়। এর মধ্যে ২৮ জনের মরদেহ শিবচরের পৌর কবরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। মরদেহ শনাক্তকরণে রেখে দেয়া হয় তাদের ডিএনএ টেস্টের নমুনা। তবে আট বছরেও শনাক্ত হয়নি এসব মরদেহগুলো।
পিনাক ট্র্যাজেডির কথা মনে করে আজও শিউরে ওঠেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা। তারা পদ্মা নদীর নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন জানান, পদ্মা সেতু চালুর পর নৌ-দুর্ঘটনার আতংক থেকে মুক্তি মিলেছে দক্ষিণাঞ্চলের মানুষের।
উল্লেখ্য, পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার পর ৫ জনকে আসামি করে মামলা হয়। এ মামলাটি এখনও আদালতে বিচারাধীন।