বাংলাদেশ, জেলার সংবাদ, শিক্ষা

পিরোজপুরে সরকারি নতুন বইসহ ট্রাক জব্দ

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন, পুরোনো পাঠ্যবই ও খাতাসহ একটি ট্রাক জব্দ করেছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকার আরাফাত মঞ্জিল-এর সামনে থেকে বইভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

 

অভিযান ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী এলাকার মেসার্স হান্নান এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে বগুড়া ট্রান্সপোর্টের একটি ট্রাকে সরকারি বইগুলো ওঠানোর সময় এলাকাবাসী দেখে বিষয়টি প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইসহ ট্রাকটি জব্দ করেন।

 

এ সময় মেসার্স হান্নান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ বলেন, জাকারিয়া হাওলাদার নামে এক ফেরিওয়ালা আমার প্রতিষ্ঠানে এই বই ও খাতাগুলো বিক্রি করেন। জাকারিয়া বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বই ক্রয় করে আমাদের কাছে বিক্রি করে। সে এই বই কোথা থেকে কিনেছে এ বিষয়ে আমি জানিনা।

 

ফেরিওয়ালা জাকারিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের কাছ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বইসহ সর্বমোট ৫৮৭ কেজি সরকারি বই ও খাতা কিনেছিলেন তিনি।

 

এ বিষয়ে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, দুজন শিক্ষককে সাথে নিয়ে কিছু পুরোনো বই মাত্র ৩২'শ টাকায় বিক্রি করেছিলেন।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, বইসহ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। যেহেতু বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত নয়, তাই আগামী রবিবার অফিস চলাকালীন সময়ে উপজেলা পুরাতন বই বিক্রি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনিই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে বই দেওয়া হয়, তাই অতিরিক্ত বই থাকার কথা নয়। আর যদি অতিরিক্ত বই থেকে থাকে, তবে তা বিক্রি করতে হলে উপজেলা কমিটিকে অবহিত করে নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। প্রধান শিক্ষক বই বিক্রির বিষয়ে আমাকে কিছুই জানাননি। সহকারী কমিশনারের (ভূমি) প্রতিবেদন পাওয়ার পর কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন