বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে আইসক্রিম ফ্যাক্টরি মালিককে ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুর সদর উপজেলার রানীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ‘রনি আইসক্রিম’ কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীনের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

 

অভিযান চলাকালে কারখানার মালিক পক্ষের মোহাম্মদ রাকিবকে (২২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ থাকলেও, সাজাপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় কারাদণ্ড থেকে রেহাই পান।

 

সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমীন জানান, মেসার্স রনি আইসক্রিম নামক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই ক্ষতিকারক রং ও ফ্লেভার ব্যবহার করে আসছিল। এমনকি তারা নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাত করার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। 

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন রং, ফ্লেভার ও চকলেট পাউডার জব্দ করে জনসমক্ষেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন