জেলার সংবাদ

পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রসূতি

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের নেছারাবাদে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নুসরাত জাহান (২২) নামের এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটের একটি বেসরকারি ক্লিনিকে এই তিন শিশুর জন্ম হয়। অস্ত্রোপচারের পর মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং সদ্য জন্ম নেওয়া তিনজনই কন্যাসন্তান।

ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সম্পূর্ণ সুস্থ আছেন।

 

প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রসববেদনা উঠলে তাঁর স্ত্রীকে ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তাঁর স্ত্রী একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"

 

অস্ত্রোপচারকারী গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস জানান, এ ধরনের অস্ত্রোপচার কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে তা সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

 

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মাঝে খুশির আমেজ তৈরি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন