জেলার সংবাদ

পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের ভাণ্ডারিয়ার ধাওয়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ফাঁকা গুলি ছোড়া ও পিস্তলের বাটের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে মো. রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামের এক ব্যক্তিকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. আলমগীর হোসেন সর্দারের (৬৫) সঙ্গে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলাম সম্রাট তার লাইসেন্সকৃত ৯ এমএম পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে উভয়ের মধ্যে ধস্তাধস্তির সময় সম্রাট পিস্তলের বাট দিয়ে আলমগীর হোসেনের মাথায় আঘাত করলে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর আহত বৃদ্ধের মেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

 

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে এবং তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি গুলির খোসা উদ্ধার করে। 

 

তিনি আরও জানান, হামলার শিকার আলমগীর হোসেন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন এবং আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন