নিজের বাল্যবিবাহ সাহসিকতার সাথে রুখে দিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার জেলা প্রশাসকের পক্ষ থেকে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা লাভ করেছে।
আজ বুধবার (২২ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তার হাতে এই সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
তহমিনা আক্তার জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের কন্যা। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল নিজের বিয়ের আয়োজন দেখে তা বন্ধ করতে জিয়ানগর থানায় আশ্রয় নেয় এই অদম্য মেধাবী শিক্ষার্থী। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে তার বিয়ে স্থগিত করা হয় এবং ভবিষ্যতে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে তার পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
সম্মাননা প্রদানকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, নারী শিক্ষা বিস্তারে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং তহমিনার এই সাহসিকতার একটি স্বীকৃতি থাকা প্রয়োজন ছিল। সে যেন ভবিষ্যতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, সেজন্য প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে। এই অর্জন তাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান তহমিনার এমন সাহসী ভূমিকার প্রশংসা করে জানান, এই শিক্ষার্থী যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা দেখে তারা মুগ্ধ এবং তাকে পুরস্কৃত করতে পেরে উপজেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত। তহমিনার এই দৃঢ় পদক্ষেপ ওই এলাকার অন্যান্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিবিসি/টিবিএ