জেলার সংবাদ

পিরোজপুরে ফ্রিজের নিচে মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের নাজিরপুরে ঘরের ফ্রিজের নিচে জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামের এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে।

 

নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নরোত্তম নিজ ঘরের ফ্রিজের নিচে জমে থাকা ইঁদুরের মাটি সরাতে যান। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার ও স্বজনদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাঁকে দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, সকাল ১১টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

 

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন