পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন এক জেলে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের কৃষক মো. আবদুস সালামের স্ত্রী আয়েশা বেগম (৫০) ঝড়ের মধ্যে মাঠ থেকে হাঁস আনতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজনগর গ্রামের কৃষক মো. মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২০) দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে রাতে মাঠ থেকে তার ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
একই দিন দুপুর ১২টার দিকে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন মো. হাসান (২৫) নামে এক জেলে। নিখোঁজ হাসান উপজেলার জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, নিহত গৃহবধূর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতে অন্য এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলের সন্ধানে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালানো হচ্ছে।
ডিবিসি/এসএফএল