বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে বিএনপির দুই নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:০০:১২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় যুবদল ও সাবেক স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার। রিয়াজ সরদার ওই এলাকার মৃত তৈয়ব আলী সরদারের ছেলে এবং সাইফুল সরদার মৃত আব্দুস সত্তার সরদারের ছেলে।

 

আহতদের ভাষ্যমতে, রাতে তারা মধ্যরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভ এবং তার সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন ওই এলাকায় আওয়ামী লীগের স্টিকার লাগাতে আসেন। এতে তারা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ক্ষুর দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

 

হামলায় দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পরই অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভকে ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় তাদের দুই নেতা আহত হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে পিরোজপুর জেলা যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

 

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, যুবদল নেতার ওপর বর্বরোচিত ও ধারালো ক্ষুর দিয়ে আক্রমণ করা হয়েছে। হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে প্রায়ই হামলা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে উল্লেখ করে তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং সেখান থেকে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন