বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে বিএনপি নেতাকর্মীদের মারধর, আ.লীগের ৪ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হামলায় গুরুতর আহত নাহিদ হোসেনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ইন্দুরকানী থানায় এই মামলাটি করেন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন, স্থানীয় বাসিন্দা মোঃ নাহিদ হোসেন, নাছির উদ্দীন ফকির ও নাইম হোসেন আহত হন। 

 

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে নজরুল ইসলাম ফকির ও নাহিদ হোসেনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আহত জাহিদ হোসেনের দাবি, ৫ আগস্টের ঘটনার প্রতিশোধ নিতে নাসির উদ্দীন টুকু ও তার ছেলে রায়হানের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের ৮-১০ জন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

 

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন