জেলার সংবাদ

পিরোজপুরে শিক্ষার্থীদের দিয়ে চারার পরিবর্তে ডাল রোপণ করানোয় প্রধান শিক্ষক বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে চারগাছের পরিবর্তে ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশ চলতি মাসের ৬ আগস্ট প্রকাশ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বৃক্ষরোপণ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি হিসেবে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও গাছের চারা রোপণের পরিবর্তে গাছের ডাল রোপণ করা হয়েছে। এ অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে গত ১৯ জুলাই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে শুধু বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলেও এ আদেশে উল্লেখ করা হয়েছে।


জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি অনুযায়ী গত ১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের স্পষ্ট নির্দেশনা ছিল। তবে অভিযুক্ত শিক্ষক সরকারি সিদ্ধান্ত অমান্য করে শিক্ষার্থীদের দিয়ে গাছের চারার পরিবর্তে গাছের ডাল রোপণ করান এবং সেই ছবি শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে আপলোড করেন। এ অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে সত্যতা পান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।


এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহেদুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে গত ১৯ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কত দিনের জন্য,তার কোনো সুনির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন