বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল গনি শিকদার ওই গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভুক্তভোগী শিশুটি বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গেলে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে নিজের ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটকে রাখেন। 

 

খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ভুক্তভোগীর মা অভিযোগ করে জানান, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে তাঁর মেয়ে বাসার কাছে বলেশ্বর নদীর পাড়ে ফুল তুলতে গিয়েছিল। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আব্দুল গনি তাঁর মেয়েকে জোরপূর্বক ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকে মারধরের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে। পরবর্তীতে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আব্দুল গনি শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন