জেলার সংবাদ

পিরোজপুরে হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দেওয়া প্রতারকের দুই বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে ‘ডা. লিয়াকত হোসেন’ পরিচয় দিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বিভিন্ন ক্লিনিকে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন। তবে সন্দেহজনক চিকিৎসা পদ্ধতি ও ভুল ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ায় স্থানীয় চিকিৎসকদের মনে সন্দেহের সৃষ্টি হয়।

 

প্রশাসন সূত্র জানায়, প্রায় এক মাস আগে এক গর্ভবতী নারীকে পরীক্ষা করে তাঁর গর্ভের সন্তান মারা গেছে বলে ভুল রিপোর্ট দেন ওই কথিত চিকিৎসক। পরে ডা. সৌমিত্র মজুমদার আল্ট্রাসনোগ্রাফি করে দেখেন যে শিশুটি জীবিত ও সুস্থ রয়েছে। এই ঘটনার পর তাঁর প্রেসক্রিপশনের অসংলগ্নতা দেখে স্থানীয় চিকিৎসকদের সন্দেহ আরও ঘনীভূত হয়। তাঁকে দীর্ঘ পর্যবেক্ষণে রাখার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

 

এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ বন্দর এলাকায় মসজিদের পাশের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি একেক সময় একেক নাম বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেন। প্রথমে নিজেকে ডা. লিয়াকত হোসেন দাবি করলেও বিএমডিসি (BMDC) ডাটাবেজে তাঁর তথ্যের কোনো সত্যতা মেলেনি। পরবর্তীতে তিনি ডা. নুরুল ইসলাম এবং সবশেষে ‘উরিং চাং’ নামে এক চাকমা চিকিৎসকের পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি তাঁর আসল পরিচয় নিশ্চিত করতে কোনো জাতীয় পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি নিজের স্থায়ী ঠিকানার ব্যাপারেও বারবার মিথ্যা তথ্য দিচ্ছিলেন।

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা জানান, প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম সুবাস চন্দ্র মোহন্ত, বাড়ি বগুড়ায়। তিনি ধর্মান্তরিত হয়ে নিজের নাম রেখেছিলেন নুরুল হাসান। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এমন প্রতারণা রোধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি ও প্রতারণার দায়ে ওই ভুয়া চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন