রাজধানীর রমনা এলাকা থেকে পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রমনা থানা এলাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে সাধারণ জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির জানান, স্থানীয় জনসাধারণ ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে সাবেক এই সংসদ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে ঠিক কখন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। এসআই মনির আরও জানান, তিনি রাত ৮টার দিকে থানায় ডিউটিতে এসে শাহ আলমকে আটক অবস্থায় দেখতে পান।
কী কারণে তাকে আটক করা হয়েছে বা তার বিরুদ্ধে থানায় কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে আরও তথ্য জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ডিবিসি/পিআরএএন