জাতীয়

পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর উজ্জ্বল ইতিহাস রয়েছে। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তিনি আরও বলেন, আমি মনে করি, পিলখানার সেই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস।


তারেক রহমান আরও বলেন, পিলখানার ঘটনার পরিক্রমায় জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "এ লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে, ইনশাআল্লাহ।"


শহিদ পরিবারের সদস্যদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শহিদ সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ইতোমধ্যে দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


শহিদদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, মাহে রমজান আমাদের সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি-তিনি যেন শহিদদের আত্মাকে শান্তিতে রাখেন এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন। একইসঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ন্যায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন