মহারাষ্ট্রের থানে জেলায় শিবসেনা (ইউবিটি)-এর সাবেক সাংসদ বিনায়ক রাউতের পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন, বিয়ের পর কয়েক বছর ধরে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। অভিযোগে তিনি বলেন, তাকে জোর করে গোমূত্র পান করানো হয়, কালো জাদুর আচার পালনের জন্য চুল ছিঁড়ে নেওয়া হয় এবং একাধিক স্বঘোষিত ধর্মগুরুর কাছে নিয়ে যাওয়া হয়।
গিরিজা রাউতের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিনায়ক রাউত, তার ছেলে গীতেশ রাউত এবং ফিরোজ বাবা ও কাজি বাবা নামে পরিচিত দুই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা ও অভিযুক্তদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগে গিরিজা দাবি করেন, তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের সমস্যার জন্য শ্বশুরবাড়ির সদস্যরা অতিপ্রাকৃত শক্তিকে দায়ী করতেন। তিনি আরও বলেন, হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করতে বাধ্য করা হয় এবং বিষণ্নতার ওষুধও খাওয়ানো হয়।
এদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন বিনায়ক রাউত। তার দাবি, এটি চলমান ভরণপোষণ সংক্রান্ত বিরোধের জেরে আনা অভিযোগ। তিনি বলেন, অভিযোগে উল্লেখিত ঘটনাগুলো ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ঘটেছে বলে দাবি করা হলেও সে সময় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তার অভিযোগ, পরে ভরণপোষণের দাবি প্রত্যাখ্যাত হওয়ার পরই গিরিজা পুলিশের কাছে যান।
পুলিশ মহারাষ্ট্রের প্রিভেনশন অ্যান্ড ইরাডিকেশন অব হিউম্যান স্যাক্রিফাইস অ্যান্ড আদার ইনহিউম্যান, আনহোলসম অ্যান্ড আঘোরি প্র্যাকটিসেস অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/ এসএফএল