ফ্রান্সের ক্লাব মেস ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন নারী রেফারি। ধাক্কাধাক্কির মধ্যে মাটিতে পড়ে মাথায় আঘাত পাওয়ায় পরে আর ম্যাচ পরিচালনা করতে পারেননি তিনি।
শনিবার পূর্ব ফ্রান্সের ফবাখে অনুষ্ঠিত ম্যাচটি ৩-১ গোলে হারে ফরচুনা সিটার্ড। ক্লাবটি তাদের ওয়েবসাইটে ঘটনাটিকে ম্যাচের একটি ‘উল্লেখযোগ্য মুহূর্ত’ হিসেবে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে, মেসও তাদের ওয়েবসাইটে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
ম্যাচের ৪০তম মিনিটে মাঝমাঠে মেসের এক খেলোয়াড় প্রতিপক্ষের জার্সি টেনে ধরলে উত্তেজনার সূচনা হয়। এরপর দুই খেলোয়াড় মুখোমুখি অবস্থানে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উভয় দলের অন্য খেলোয়াড়রাও সেখানে জড়ো হলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান নারী রেফারি। তবে খেলোয়াড়দের ভিড়ে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে মাথায় আঘাত পান। পরে নিরাপত্তার স্বার্থে তাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে রেফারি মাতিল্দ ধাক্কাধাক্কির মধ্যে পেছন দিকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান।
ঘটনাটি আরও আলোচনার জন্ম দেয়, কারণ এটি ঘটে মাঠের পাশে থাকা (রেফারিকে সম্মান করুন) লেখা একটি বড় সাইনবোর্ডের ঠিক সামনে।
আঘাত পাওয়ার পর ২৬ বছর বয়সী মাতিল্দ কয়েক মিনিট মাঠে শুয়ে ছিলেন। এ সময় সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে নেমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খেলা পুনরায় শুরু হলে তিনি কিছু সময় সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। তবে বিরতির সময় শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছেড়ে চলে যান। পরে তার পরিবর্তে অন্য একজন সহকারী রেফারি দায়িত্ব নেন।
ডিবিসি/আরএফই