বাংলাদেশ পুলিশের পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্ট আগের মতো বহাল থাকলেও প্যান্টের রঙ পরিবর্তন করে খাকি করা হয়েছে। সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে যে পোশাক প্রচলিত আছে, তা নিয়ে বাহিনীর অভ্যন্তরীণ সদস্যসহ দেশব্যাপী অসন্তোষ রয়েছে। দৃশ্যত এই পোশাকটি সবার কাছে সেভাবে গ্রহণযোগ্য বা মানানসই হয়নি। মূলত পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতেই নতুন ও যুগোপযোগী পোশাকের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশকে একটি ঐতিহ্যবাহী এবং গ্রহণযোগ্য পোশাক দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় ছিল। বিস্তারিত আলাপ-আলোচনা শেষে মেট্রোপলিটন এবং সারাদেশের পুলিশের জন্য আগের শার্টটিই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এর সাথে প্যান্ট হিসেবে খাকি রঙ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এখনো প্রজ্ঞাপন জারি না হলেও নীতিগতভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। তবে নতুন এই পোশাক তৈরি ও সরবরাহের আনুষঙ্গিক প্রস্তুতির কারণে তা পরিধান করতে পুলিশ সদস্যদের আরও কিছুদিন সময় লাগবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
ডিবিসি/পিআরএএন