জেলার সংবাদ

পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যুবক আটক

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও ইউনিফর্ম পরে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে পাবনায় মো. রফিকুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিবি পুলিশের একটি দল পাবনা সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিল। এ সময় বিআরটিএ কার্যালয়ের কর্মচারী তুহিন চক্রবর্তী ডিবি পুলিশকে খবর দেন যে, পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে সেখানে আটক রাখা হয়েছে। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং পরিচয় যাচাই করে নিশ্চিত হয় যে তিনি পুলিশের কোনো সদস্য নন।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটর ড্রাইভিং লাইসেন্সের ছবি তোলার জন্য রফিকুল ইসলাম পুলিশের ইউনিফর্ম পরে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন এবং নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করেন। তবে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ তৈরি হলে কর্মচারীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, আটক যুবকের কাছ থেকে পুলিশের এক সেট ইউনিফর্ম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে। তবে তিনি কারও কাছ থেকে কোনো অর্থ হাতিয়ে নিয়েছেন এমন প্রমাণ মেলেনি। সরকারি কর্মচারীর পরিচয়ের ভান করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির ১৭০ ধারায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন