বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি ৬ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশে পুলিশ সুপার পদমর্যাদার মোট ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহে, ডিএমপির ডিসি ফারহানা ইয়াসমিনকে জামালপুরে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় এবং জামালপুরের এসপি চৌধুরী মো. জাবের সাদেককে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি মো. মোস্তাক সরকার খাগড়াছড়ির নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা:নতুন পদায়নের পাশাপাশি বর্তমান দায়িত্ব পালনরত বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সরিয়ে নেওয়া হয়েছে। বগুড়ার বিদায়ী এসপি মো. শাহাদাত হোসেনকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পাঠানো হয়েছে। সিলেটের এসপি কাজী আক্তার উল আলমকে এপিবিএন-এ বদলি করা হয়েছে। বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে।
ডিবিসি/এসএফএল