বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ

পুলিশ পরিচয়ে ছিনতাই, কাউন্সিলরসহ আটক ৫

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

রবিবার ২০শে ফেব্রুয়ারি ২০২২ ০১:৩৫:০০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে যশোরের চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা ওরফে মোস্তফা বিশ্বাসসহ ৫জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) অভিযানে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি সেট, হ্যান্ডক্যাপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। আটক মোস্তফা বিশ্বাস (৪৬), সুজনশীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭) যশোর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন র‌্যাব। তবে তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করেনি।

র‌্যাবের মুখপাত্র লে. কর্ণেল মোশতাক আহমদ জানান, 'গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ডিবি পরিচয়ে গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে আসছে। পুলিশ পরিচয়, পোষাক ও অস্ত্র দেখে তাদের ভয়ে কিছু বলতে সাহস পেত না। তাদের বিরুদ্ধে এরকম পরিচয়ে প্রতারণার অভিযোগ অনেক আগের। সঠিক তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার রাতে আমাদের অভিযানিক দল সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বাইগুনি গ্রামের হারুন আর রশিদ ডিগ্রী কলেজের দক্ষিণ পাশে অবস্থান নেয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল দেখে র‌্যাব চ্যালেঞ্জ করে।'

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করে ডিবি পুলিশের পোষাক ও খেলনা অস্ত্র দেখিয়ে ছিনতাইসহ নানা ধরণের অপরাধ করছে। সাতক্ষীরায় এদের একটি বিশাল চক্র রয়েছে। গ্রেপ্তারের ভয়ে এদের অনেকেই গা ঢাকা দিয়েছে।

এদিকে, এলাকাবাসী জানায়, প্রায় দুই দশক আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন কাউন্সিলর গোলাম মোস্তফা ওরফে মোস্তফা বিশ্বাস। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়লে চাকরি হারান।

এরপর এলাকায় রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে চৌগাছা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। ক্ষমতাসীন দলের স্থানীয় একাংশের ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িয়ে পড়েন। চাঁদাবাজি, ছিনতাই, আপোস-মীমাংসার নামে বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। তিনি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্র গড়ে তোলেন।

প্রসঙ্গত, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটছিল। এর আগে, ২০২১ সালের ১২ডিসেম্বর পারুলিয়া গরু হাট থেকে গোদাঘাটা এলাকার গরু ব্যবসায়ী মোকসেদ মোল্যার পুত্র মিজানুর রহমান গরু বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের মুখে পরেন। বাবুলিয়া জোনাব আলির বাড়ি সামনে থেকে তাকে নামিয়ে নিয়ে তার দুই হাতে হাতকড়া পরিয়ে ছয়ঘরিয়া এলাকায় নিয়ে মিজানুর রহমানের কাছ থেকে এক লাখ ৪২ হাজার টাকা ছিনতাই করে।

আরও পড়ুন