অপরাধ, আইন ও কানুন

পুলিশ হেফাজতে জনিকে পিটিয়ে হত্যা: যুক্তিতর্কের শুনানি ১৯শে ফেব্রুয়ারি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৪:২৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুলিশ হেফাজতে জনিকে পিটিয়ে হত্যা মামলায় পুলিশের এসআইসহ পাঁচ আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের শুনানি ১৯শে ফেব্রুয়ারি।

পুলিশ হেফাজতে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুরসহ পাঁচ আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের শুনানি ১৯শে ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত। রবিবার দুপুরে, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ঠিক করেন।

এদিন আত্মপক্ষ সমর্থনে এস আই জাহিদসহ পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। মামলার আসামিরা হলেন- পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান খান, এসআই রাশেদুল ইসলাম, এসআই কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স রাশেদ ও সুমন। এসআই জাহিদ ও সুমন কারাগারে আছেন। অপর তিন আসামি জামিনে আছেন।

এ মামলায় মোট ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গত ২০১৪ সালের ৮ই ফেব্রুয়ারি মিরপুরে এক গায়ে হলুদ অনুষ্ঠান বিবাদের জেরে জনিকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে জনিকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

ওই ঘটনায় ২০১৪ সালের ৭ই আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু আইনে পল্লবী থানার ওসি জিয়াউর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি।

২০১৫ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন পাঁচজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে পুলিশের এএসআই রাশেদুল ও কামরুজ্জামান মিন্টুকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন