বাংলাদেশ, জেলার সংবাদ

পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার কষ্টের উপার্জনে গড়া মাছের খামারে বড় ধরনের নাশকতার অভিযোগ উঠেছে। পেনশনের টাকায় বাড়ির পাশের তিনটি পুকুরে মাছ চাষ শুরু করার মাত্র দুই দিনের মাথায় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম মজুমদার জানান, দীর্ঘ চাকরিজীবন শেষে সম্প্রতি তিনি অবসর নেন। অবসরের পর পাওয়া পেনশনের অর্থের একটি অংশ বিনিয়োগ করে তিনি বাড়ির পাশের তিনটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও বড় মাছ অবমুক্ত করেন। অবসরজীবনে মাছ চাষের মাধ্যমে বাড়তি আয়ের একটি স্বাবলম্বী উৎস গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য।

 

কিন্তু তাঁর সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। মাছ ছাড়ার মাত্র দুই দিনের মাথায় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে কে বা কারা তাঁর তিনটি পুকুরেই সুকৌশলে বিষ প্রয়োগ করে। বুধবার (২৯ জুলাই) সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, পানির ওপরে ভেসে উঠেছে বিপুল পরিমাণ মৃত মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির বড় মাছ। এই আকস্মিক নাশকতায় তাঁর প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

এদিকে এমন অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একজন অবসরপ্রাপ্ত মানুষের কষ্টার্জিত সঞ্চয়ে গড়ে তোলা উদ্যোগ এভাবে ধ্বংস করে দেওয়ায় তাঁরা হতবাক। স্থানীয়রা দ্রুত এই ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে চরামদ্দি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী আবুল কালাম মজুমদার এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন