পেরুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরেকিপা অঞ্চলে বন্যাকবলিতদের উদ্ধার অভিযানে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন ক্রু ও ১১ জন যাত্রীসহ মোট ১৫ জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পেরুভিয়ান বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।
বিমানবাহিনী জানায়, রাশিয়া নির্মিত এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ তল্লাশির পর সোমবার উদ্ধারকারীরা পিসকো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা নামক এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পান।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হেলিকপ্টারটি ওই অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও উদ্ধারকাজে নিয়োজিত ছিল। দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে থাকা চারজন ক্রু সদস্য এবং ১১ জন আরোহীর প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
ডিবিসি/এএমটি