পোপ লিও চতুর্দশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনা করায় গতকাল রোববার রাতে পোপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এই ঘটনায় ইতালিজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ট্রাম্পের কড়া সমালোচনা করে মেলোনি বলেন, পোপের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ‘অগ্রহণযোগ্য’। পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন এবং যুদ্ধের নিন্দা জানাবেন—এটাই স্বাভাবিক।
রাজনৈতিকভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ফলে মেলোনির মতো একজন মিত্রের পক্ষ থেকে ট্রাম্পকে এমন প্রকাশ্য ভর্ৎসনা করার ঘটনাকে অত্যন্ত বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জর্জা মেলোনির বেশ ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ট্রাম্পের প্রতি মেলোনির এই প্রকাশ্য তিরস্কার অত্যন্ত বিরল একটি ঘটনা। পোপ লিওর ওপর ট্রাম্পের এই তীব্র আক্রমণের পর ইতালিজুড়ে যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, মেলোনির এই বিবৃতি মূলত তারই প্রতিফলন।
সূত্র: রয়টার্স
ডিবিসি/কেএলডি