রাজনীতি

প্যাডেল রিকশা বন্ধ, নিরাপদ ব্যাটারি রিকশা চালু এবং প্রাইভেট কার নিয়ন্ত্রণে আইনি নোটিশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে প্যাডেল রিকশা বা পায়ে চালিত রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এই নোটিশ প্রেরণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, দেশের ১ শতাংশেরও কম মানুষ প্রাইভেট কার ব্যবহার করলেও এগুলো অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করছে এবং বিষাক্ত ধোঁয়া দিয়ে চরম বায়ুদূষণ ঘটাচ্ছে। অন্যদিকে, দেশের ৯৯ শতাংশ মানুষ গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল। বিকল্প কর্মসংস্থানের অভাবে প্রান্তিক মানুষ প্যাডেল রিকশা চালানোর মতো অমানবিক কায়িক শ্রমে যুক্ত হতে বাধ্য হচ্ছে, যা সংবিধানের ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী জবরদস্তিমূলক শ্রমের শামিল।

 

এতে আরও বলা হয়, প্রযুক্তিগত অগ্রগতির কারণে ব্যাটারিচালিত রিকশা স্থানীয় পরিবহনের একটি স্বাভাবিক ও মানবিক রূপ। তাই গতি, ব্রেকিং সিস্টেম ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করে সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে এই রিকশাগুলোর অনুমোদন দেওয়া প্রয়োজন। এছাড়া, জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষায় প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং উচ্চহারে পরিবেশ কর ধার্য করার দাবি জানানো হয়েছে।

 

নির্ধারিত ১০ দিনের মধ্যে প্যাডেল রিকশা নিষিদ্ধকরণ, ব্যাটারিচালিত রিকশার নীতিমালা প্রণয়ন এবং প্রাইভেট কার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন