বাংলাদেশ, জাতীয়

প্রকৃতি-পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল আচরণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণীর যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।


এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার তাগিদ দেন তিনি। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চার পাশাপাশি ক্বিরাত চর্চায় অংশ নেওয়ারও পরামর্শ দেন।


শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।


রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা জাতীয় সংসদের অধিবেশনও প্রত্যক্ষ করেন।


প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে বলেও জানান তারা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন