প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিশাল নিয়োগ কার্যক্রমে প্রায় ৮০ শতাংশই নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের আরও কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রাথমিক চিকিৎসাব্যবস্থাকে সুদৃঢ় করার উদ্দেশ্যেই সরকার এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। এই পরিকল্পনার আওতায় প্রতিটি হাসপাতালে চিকিৎসাসেবার পরিধি ব্যাপকভাবে বাড়ানো হবে। এর অংশ হিসেবে প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক মানের প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ডিবিসি/এফএইচআর