বাংলাদেশ, জাতীয়

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মে ২০২৬ ০৮:৫১:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।


সভায় প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এরমধ্যে- হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি ও বেসরকারি সকল স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত উপযোগী র‍্যাম্প ও টয়লেট সুবিধা নিশ্চিত করা। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখা।


প্রধানমন্ত্রী সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ অনুষ্ঠান আয়োজনের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


সভায় সিদ্ধান্ত হয় যে, প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প চালু করা হবে। খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।


সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশগ্রহণ করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন